মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার হয়ে গত ১২ ডিসেম্বর থেকে হাজতবাস করছেন মিলন মিয়া ও তার বাবা বাদল দেওয়ান। অথচ সিংগাইর থানা পুলিশ গত ১৫ ডিসেম্বর নাশকতার একটি মামলায় মিলনকে গ্রেফতার দেখিয়েছে।
বুধবার সকালে মিলনকে নাশকতার মামলায় আটক দেখিয়ে জেলা পুলিশ একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাশকতার আশঙ্কায় মিলনকে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে আটক করেছে। সে সিংগাইর উপজেলার পশ্চিম বাইমাইল গ্রামের বাদল দেওয়ানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বছর দুয়েক আগে একই গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে টুম্পার সঙ্গে মিলনের বিয়ে হয়। স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হওয়ায় টুম্পার বাবা গত ৯ ডিসেম্বর মিলন ও তার বাবা বাদলকে আসামি করে সিংগাইর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মিলনের মা রেনু আক্তার জানান, ১১ ডিসেম্বর নারী নির্যাতন মামলায় মিলন ও তার স্বামীকে পুলিশ গ্রেফতার করে। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠায়।
মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার এসআই ওয়াহিদুজ্জামান ১১ ডিসেম্বর তাদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
মানিকগঞ্জ জেলা কারাগারের জেলার আবু মুসা জানান, মিলন ও তার বাবা মানিকগঞ্জ জেলা কারাগারে বন্দি আছে।
এ ব্যাপারে পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, মিলনকে শ্যোন এ্যারেস্ট দেখানো হয়েছে। তবে কারাগারে বন্দি মিলনকে পুলিশ কিভাবে বিশেষ অভিযানে গ্রেফতার করল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এমএম