রাজবাড়ীর গোয়ালন্দে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মো. মধু খানকে (২৭) পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে আসামির স্বজনরা।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে মাল্লাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। মধু গোয়ালন্দ উপজেলার পৌর এলাকার মাল্লাপট্টি মহল্লার মো. তারা খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. মধু খান দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. শওকত হোসেন ও অপর এসআই আবুল বাসার মাল্লাপট্টি এলাকায় গিয়ে মধুকে গ্রেফতার করে।
এ সময় তাকে মোটরসাইকেলে ওঠানোর চেষ্টা করলে মধুর বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশের হাত থেকে মধুকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলাতক আসামি মধু বা তার পরিবারের কাউকে গ্রেফতার করতে পারেনি।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আব্দুল খালেক জানান, মাদক মামলার পলাতক আসামি মধুকে গ্রেফতার করতে গেলে ওই এলাকার কিছু নারী পুলিশের কাছ থেকে আসামিকে পালিয়ে যেতে সহায়তা করে।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





