চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক হিসেবে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী এম মনজুর আলম পেয়েছেন কমলালেবু ও আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন পেয়েছেন হাতি।
শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে এ দুই প্রার্থীর প্রতীক ঘোষণা করেন রিটার্নিং অফিসার আবদুল বাতেন। সকাল ৯টা থেকে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়।
তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ছিল বৃহস্পতিবার। রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন জানান, প্রত্যাহারের পর সর্বশেষ মেয়র পদে ১২ জন, সাধারণ কাউন্সিল পদে ২১৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬১ জন প্রার্থী রয়েছেন।
মেয়র পদে ১ জন, সাধারণ কাউন্সিল পদে ৫৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে তিনটি পদে শেষ পর্যন্ত চূড়ান্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৭ জন।
মেয়র পদে প্রার্থীরা হলেন, সদ্য বিদায়ী মেয়র ও বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মনজুর আলম, আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, বিএনএফ’র আরিফ মঈনুদ্দীন, গাজী মো. আলাউদ্দিন, ওয়াইয়াজ হোসেন ভূঁইয়া, ইসলামিক ফ্রন্টের মজিবুল হক শুক্কুর, ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন, সৈয়দ সাজ্জাদ জোহা, সাইফুদ্দিন আহমেদ রবি, আবুল কালাম আজাদ ও শফিউল আলম।
জেএ





