রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনার ১০ দিনের মাথায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার ও পল্লবী থানার ওসিসহ ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

শনিবার (০৮ আগস্ট) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়। একই সঙ্গে আরেক আদেশে ডিএমপির অপর ৬ কর্মকর্তাকে বদলিকৃতদের স্থানে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার ওয়ালিদ হোসেন জানান, এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়। কারণ ওই ঘটনার তদন্ত এখনও শেষ হয়নি। সাধারণ নিয়মেই তাদের বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

আদেশে বলা হয়ছে, ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদকে প্রোটেকশন, পল্লবী জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মিজানুর রহমানকে অপারেশনস, সহকারী কমিশনার ফিরোজ কাউছারকে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স, পল্লবী থানার ওসি নজরুল ইসলামকে প্রসিকিউশন, একই থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল মাবুদকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ এবং পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ এমরানুল ইসলামকে ডিবির ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

এদিকে, ডিএমপির প্রোটেকশন বিভাগের উপ-কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন, অপারেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আরিফুল ইসলাম ও ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের সহকারী কমিশনার শাহ কামালকে মিরপুর বিভাগে বদলি করা হয়েছে। একই সঙ্গে সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলীকে পল্লবী থানার ওসি, লাইনওআরের পরিদর্শক আবু সাইদ আল মামুনকে একই থানার পরিদর্শক (তদন্ত) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের (সিটিটিসি) পরিদর্শক ইয়ামিন কবিরকে ওই থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববারের মধ্যেই তাদের কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

এর আগে গত ২৯ জুলাই সকালে পল্লবী থানার ভেতর বোমা বিস্ফোরণে পুলিশের চার সদস্যসহ পাঁচজন আহত হন। তারা হলেন- পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) এমরানুল ইসলাম, এসআই সজীব খান, এসআই রুমি বেভরেজ হায়দায়, শিক্ষানবিশ এএসআই অঙ্কুশ কুমার ও থানায় কাজ করা বেসামরিক ব্যক্তি রিয়াজুল ইসলাম।

এমবি