এ বছর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হচ্ছে বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
২০১৮ সাল নাগাত প্রকল্পের কাজ শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
মঙ্গলবার সকালে রাজধানীর বনানীর সেতু ভবনে ইটালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লি: ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী এ কথা জানান।
ইটালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানির প্রেসিডেন্ট প্রেমচাই কার্নসূতা (Premchai Karnosuta) ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) ভাইস চেয়ারম্যান হু ফ্যানের (Hu Fan) নেতৃত্বে একটি প্রতিনিধি দল যোগাযোগ মন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে।
বৈঠক শেষে সংক্ষিপ্ত বিফিং এ মন্ত্রী বলেন, অনেক দিনের প্রত্যাশিত প্রজেক্ট এটি। দেশের জনগনের ধারনা ছিলো প্রজেক্টটি হচ্ছে না। কিন্তু আমি দায়িত্ব নেওয়ার পর আবার কাজ শুরু করি। শুরুতে এলাইনমেন্টের কিছু সমস্যা ছিলো। আমরা চেষ্টা করেছি যাতে কম মানুষ ক্ষতিগ্রস্থ হয়।
তিনি বলেন, কাজটি নিয়ে যথেষ্ট যল্পনা-কল্পনা ছিলো, আদৌ আমরা কাজটি শুরু করতে পারবো কিনা এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ ছিলো। আমি এখন আশাবাদ ব্যক্ত করছি প্রজেক্টটি আমরা তুলে আনতে পেরেছি।
ইটালিয়ান-থাই এর এমডি আমার সঙ্গে দেখা করলেন তাদের নতুন পার্টনার সিআরসিসি এর ভাইস চেয়ারম্যান হু ফ্যানকে সঙ্গে নিয়ে। আমাদের পরামর্শ নিতে এসছেন, আমরা জানিয়েছি আমাদের আপত্তি নেই। এখন তারা যৌথভাবে অর্থায়ন ও টেকনিক্যাল সাপোর্ট দিবে।
প্রথম ধাপে আমরা ৬.৮৭৭০ একর ব্যক্তি মালিকাধীন জমি অধিগ্রহণ করেছি। ক্ষতিগ্রস্থ ২০০ জনকে আমরা ১শ’ ২৫ কোটি টাকা দিবো। ইতিমধ্যে ২৬ জনকে ২০ কোটি টাকা দেওয়া হয়েছে, শুধু ক্ষতিপূরণই নয় তাদের পুনর্বাসনও করা হবে।
ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ





