নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘নৌ দুঘর্টনায় নিহত হলে জনপ্রতি এক লাখ টাকা দেওয়া হবে।’ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাদারীপুরে উন্নয়ন সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
শাহজাহান খান বলেন, ‘এক সময় নৌ দুঘর্টনায় মারা গেলে জন প্রতি ১০ হাজার টাকা দেওয়া হতো। তারপরে ৩০ হাজার টাকা। এক পরিবারে একাধিক মারা গেলে মাত্র ৪৫ হাজার টাকা। এরপরে আমরা আরও বৃদ্ধি করে জন প্রতি ৫০ হাজার টাকা করেছি। কিন্তু বর্তমানে সেই টাকার পরিমাণ বাড়িয়ে জন প্রতি ১ লাখ টাকা করা হয়েছে। এক্ষেত্রে একই পরিবারের পাঁচ জন মারা গেলে ৫ লাখ টাকা দেওয়া হবে।’
তিনি বলেন, ‘আমরা চাই না দুঘর্টনায় মানুষ মারা যাক। এমনও পরিবার আছে, যার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারা গেলে একেবারে ধ্বংস হয়ে যায়। বর্তমান সরকারের এই উদ্যোগ প্রংশসার দাবি রাখে।’
মন্ত্রী এসময় আসন্ন ঈদের ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে নৌ মন্ত্রণালয়ে নানা পদক্ষেপ তুলে ধরেন।
জেলা প্রশাসন জিএসএম জাফর উল্লাহ সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য রোকসানা ইয়াছমিন ছুটি, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ। এসময় জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী জেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সভায় যোগ দেন। বিকালে শরীয়তপুরের নড়িয়ায় সম্প্রতি গজারিয়ার মেঘনা নদীতে এমভি মিরাজ লঞ্চ ডুবে নিহত যাত্রীদের পরিবারকে অনুদানের চেক বিতরণ করবেন।
ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





