সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে গতকাল (৬ ফেব্রুয়ারি) ঘোষণা করা হয়েছে দেশের জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকের জন্য মনোনীতদের নাম। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট ব্যক্তিকে চলতি বছর একুশে পদক দেয়া হচ্ছে। যেখানে এবার আছেন সংগীত ও নাট্যাঙ্গনের তিনজন করে ছয়জন শিল্পী ।
এবার শিল্পকলা সংগীত বিভাগে সুবীর নন্দী, মরহুম আজম খান ও খায়রুল আনাম শাকিল এবং শিল্পকলা অভিনয় বিভাগে লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা ও লিয়াকত আলী লাকী একুশে পদক পাচ্ছেন।
একুশে পদক পাওয়ার বিষয়টি জেনে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমি সংবাদটি জেনেছি। রাষ্ট্রীয় এমন একটি সম্মানের খবরে আমি আনন্দিত। এই সম্মানে দেশের প্রতি ও কাজের প্রতি আমার আরো বেশি দায়িত্ব বেড়ে গেল।
এদিকে সুবর্ণা মুস্তাফা ফেসবুকে বলেন, ‘সবচেয়ে ভালো লাগার বিষয় এবার আজম খান ভাইকে পদক দেওয়া হয়েছে।’
লাকী ইনাম বলেন, রাষ্ট্রীয় সম্মান যে কারো জন্য অনেক বড় পাওয়া। এমন সম্মান আমাকে দেয়া হচ্ছে জেনে আমি আনন্দিত।
আগামী ২০শে ফেব্রুয়ারি (বুধবার) বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে একুশে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন।
দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হচ্ছে একুশে পদক। মন্ত্রিপরিষদ বিভাগ ২০১৭ সালে সংশোধিত ‘জাতীয় পুরস্কার/পদক সংক্রান্ত নির্দেশাবলী’তে স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, বেগম রোকেয়া পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও জাতীয় ক্রীড়া পুরস্কারের অর্থ বৃদ্ধি করে।
আগে ১৮ ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্রের সঙ্গে এক লাখ টাকা দেওয়া হতো। পরে অর্থ বাড়িয়ে দুই লাখ করা হয়।





