বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ডা. আবদুল মতিন বলেছেন, ‘পরিবেশ মন্ত্রণালয় একটি অথর্ব মন্ত্রণালয়ে পরিণত হয়েছে।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্প্রসারিত কক্ষে শনিবার ‘প্রস্তাবিত জাতীয় বাজেট ২০১৫-২০১৬ কতটা পরিবেশবান্ধব?’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বাপা এ সংবাদ সম্মেলন আয়োজন করে।

ডা. আবদুল মতিন বলেন, ‘পরিবেশ মন্ত্রণালয় একটি জনবিচ্ছিন্ন ও নিরাসক্ত মন্ত্রণালয়ে পরিণত হয়েছে। তাই এই মন্ত্রণালয় পরিবেশের উন্নয়নের জন্য সরকারের কাছে টাকা চায় না। বর্তমান মন্ত্রীর আচরণ দেখে মনে হয় তিনি এ্যাকটিভ নন।’

তিনি বলেন, ‘পরিবেশ সম্পর্কে ভাল ধারণা রাখেন এবং পরিবেশ সম্পর্কে উৎসাহী এমন একজন রাজনৈতিক নেতাকে মন্ত্রী বানিয়ে পরিবেশ মন্ত্রণালয়কে কার্যকর করতে হবে।’

ডা. আবদুল মতিন বলেন, ‘যে বাজেটে রামপালের কয়লা বিদ্যুৎ প্রকল্পের জন্য টাকা বরাদ্দ রাখা হয়, সে বাজেট পরিবেশবান্ধব হতে পারে না।’

তিনি বলেন, ‘সরকারের মধ্যে তেল ও গ্যাস ব্যবসায়ীদের অনুচরেরা থাকায় দেশে সম্ভবনাময় সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণ করা হচ্ছে না।’

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের সমালোচনা করে তিনি বলেন, ‘রাশিয়ার পুরানো যন্ত্রপাতি দিয়ে নাকি এই বিদ্যুৎকেন্দ্র করা হচ্ছে।’

বিশেষজ্ঞদের বরাতে ডা. আবদুল মতিন বলেন, ‘এই বিদ্যুৎকেন্দ্রে কোনো দুর্ঘটনা ঘটলে ২ ঘণ্টার মধ্যে ১০ লাখ লোককে পাবনা অঞ্চল থেকে সরিয়ে নিতে হবে। আর এ জন্য ওই বিদ্যুৎকেন্দ্রে ভাল যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘নদী ধ্বংসের জন্য দায়ী দেশের একমাত্র প্রতিষ্ঠানটির নাম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এই বোর্ডের আওতায় উন্নয়নের নামে দেশের নদীগুলোকে ধ্বংস করার জন্য এবারের বাজেটে ৫৮টি প্রকল্পে টাকা বরাদ্দ করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বাপার সহ-সভাপতি সৈয়দ আবুল মকসুদ, মিহির বিশ্বাস, কৃষিবিদ শহিদুল ইসলাম, আলমগীর কবির প্রমুখ।

সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘ধূসর উন্নয়ন নয়, জাতি সবুজ উন্নয়ন চায়। উন্নয়নের নামে এমন কিছু করা ঠিক হবে না, যা দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে।

জেআই