টাঙ্গাইলে মা ও তিন মেয়েকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে(২৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে মির্জাপুর উপজেলার সোহাগপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এরআগে এজহারভূক্ত দশজনের মধ্যে পাঁচজনসহ মোট সতের জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শনিবার রাত ১০ টায় জাহাঙ্গীরকে এসপি অফিসে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ তানভীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে জাহাঙ্গীরের গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বাবার নাম বাহার উদ্দিন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ভোরে গোড়াই ইউনিয়নের দক্ষিণ সোহাগপাড়া গ্রামে মালয়েশিয়া প্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩৫) ও তার তিন মেয়ে মনিরা আক্তার (১৪), মীম আক্তার (১০) ও মলি আক্তারকে (৭) ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা করা হয। এর প্রধান অভিযুক্ত আসামি জাহাঙ্গীর হোসেন।
ওই দিনই রাতে হাসনা বেগমের ভাই মোফাজ্জল হোসেন বাদি হয়ে জাহাঙ্গীরকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা অভিযোগে বলা হয়েছে, নিহত হাসনা বেগমের বড় মেয়ে মনিরা আক্তারকে বিয়ের প্রস্তাব দিয়েছিল স্থানীয় বখাটে জাহাঙ্গীর। তার সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় মা ও ছোট দুই বোনসহ মুনিরাকে পুড়িয়ে হত্যা করে জাহাঙ্গীর।
গত ১০ অক্টোবর ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান টাঙ্গাইলের মির্জাপুর থানায় এক সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরকে ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।
ইআর





