বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং সুইজারল্যান্ড শাখার এক বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলেও সংখ্যালঘুরা নিরাপদ নয়।

দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে ইইউ ঐক্য পরিষদের উদ্যোগে ইউরোপিয়ান পার্লামেন্ট ও ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচি পালন করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ঐক্য পরিষদ ইইউ শাখার সভাপতি অমরেন্দ্র রায় এবং সুইজারল্যান্ড শাখার সভাপতি স্বপন বিশ্বাস স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সামগ্রিক প্রেক্ষাপটে ২২ আগস্ট সুইজারল্যান্ডের মনথে শহরের একটি কমিউনিটি সেন্টারে সর্ব ইউরেপিয়ান ঐক্য পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় ফরিদপুরের জমিদার বাড়ি অবৈধ দখল, অরুন গুহর রাতারাতি দেশ ত্যাগ, মৌলবাদী সংগঠন এবং মন্ত্রী ও সাংসদদের দ্বারা যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, জমি ও মন্দিরের জায়গা দখলের ঘটনা ঘটছে সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়।

সম্প্রতি ফরিদপুরের জমিদার বাড়ির অবৈধ দখল নিয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌসুলী ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্তকে নোটিস পাঠিয়েছে ফরিদপুরের জেলা প্রশাসনের তদন্ত কমিটি। সর্ব ইউরোপিয়ান ঐক্য পরিষদ এবং সুইজারল্যান্ড ঐক্য পরিষদ এই নোটিসেরও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে সমগ্র ইউরোপ ঐক্য পরিষদের উদ্যোগে ইউরোপিয়ান পার্লামেন্ট ও ব্রিটিশ পার্লামেন্টের সামনে আগামী মাসে বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচি পালন করা হবে বলে বিবৃতিতে জানানো হয়।

এসএইচ