আখাউড়া নো ম্যান্স ল্যান্ডে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কবিতা আর কথামালায় দুই বাংলার মানুষ শ্রদ্ধা জানিয়েছে ২১ এর অমর ভাষা শহীদদের।

মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় আগরতলার নীহারিকা সাংস্কৃতিক সংগঠন ও ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠনের যৌথ উদ্যোগে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।

মিলন মেলার শুরুতেই ৫২’র ভাষা শহীদ ও ত্রিপুরার প্রয়াত কবি অনিল সরকারের স্মরণে এক মিনিট করে নীরবতা পালন করা হয়। পরে তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পীদের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে দুই বাংলার পক্ষ থেকে একে অপরের জন্য নিয়ে আসা ফুল, মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন-ত্রিপুরা রাজ্যের ডেপুটি স্পিকার পবিত্র কর, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ত্রিপুরা আজকের ফরিয়াদ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শানিত দেব রায়, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, ত্রিপুরার বিশিষ্ট সাংবাদিক তাপস দেবনাথ।

বক্তব্যে ত্রিপুরার ডেপুটি স্পিকার পবিত্র কর বাংলাদেশে পেট্টোল বোমায় নিহতদের এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের বীর জনতা কখনো হারবে না।

পবিত্র কর আরো বলেন, ১৯৫২ সালে বাঙালি জাতি বাংলা ভাষায় কথা বলার জন্য সংগ্রাম করেছিল, কিন্তু এই সংগ্রাম যে একটি দেশ তৈরি করবে সেই স্বপ্ন তাদের ছিল না। বাঙালি জাতি ভাষার জন্য সংগ্রাম করে বাংলাদেশ সৃষ্টি করেছে।

জেআই