স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,নোয়াখালীতে একজন মায়ের ওপর যে বর্বরোচিত ও পৈশাচিক ঘটনা ঘটিয়ে সেটার ভিডিও করে প্রচার করেছে, এটা বর্বরতার চরম সীমা। অভিযুক্তদের দুইজন ছাড়া সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। আশা করছি, আদালত এ অমানুষগুলোর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের শাসন আছে বলেই অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে, কিন্তু নিপীড়করা মানুষ না, এরা অমানুষ, এ জন্যই এমন ঘটনা ঘটছে।
এর আগে, রোববার (০৪ অক্টোবর) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে অনৈতিক কাজের অপবাদ দিয়ে এক নারীকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে একদল যুবক।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। এরপরই পুলিশ অভিযান চালিয়ে আবদুর রহিম (২৪) নামে এক যুবককে আটক করে।
জানা যায়, গত তিন বছর আগে ওই নারীর বিয়ে হয়। বিয়ের কিছুদিনের মধ্যে তার স্বামী আরও একটি বিয়ে করলে তাদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। গত ২ সেপ্টেম্বর রাতে ওই নারীর আগের স্বামী তার সঙ্গে দেখা করতে তার ঘরে ঢোকেন।
বিষয়টি দেখে পেলে স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার। রাত ১০টার দিকে দেলোয়ার তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে। পরে অনৈতিক কাজের অভিযোগ এনে ওই নারীকে মারধর শুরু করেন। একপর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে।
অন্যদিকে, গত ২৫ সেপ্টেম্বর রাত ৮টা নাগাদ কলেজের ফটকের সামনে বেড়াতে যাওয়া এক তরুণী ও তার স্বামীকে জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করেন একদল তরুণ।
এএস





