দ্বীপ জেলা ভোলার সর্ব দক্ষিণে চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরে জেলেদের মাঝে চাল বিতরনের নামে ব্যপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কালাম পাটওয়ারী হতদরিদ্র জেলেদের মাঝে বাস্তবে চাল বিতরণ না করে কাগজে কলমে বিতরণ দেখিয়ে বিপুল পরিমান চাল আত্মসাৎ করেছে। প্রকৃত জেলেদেরকে সরকারী সকল সুবিধা থেকে বঞ্চিত করে নিজেই সকল সুবিধা ভোগ করছে।
গত ১ মে শুক্রবার সকাল ৮টার সময় ট্যাগ অফিসার ও ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ঢালচর ইউপির অস্থায়ী কার্যালয়ে ৪৪৫ জন জেলেদের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও চেয়াম্যানের নির্দেশে ২০/২৫ কেজি করে চাল বিতরণ করা হয় বলে জানান সুবিধাবঞ্চিতরা।
এ সময় জেলে কার্ডধারী মোঃ ইউনুছ, রিপন, আলাউদ্দিন, খোরশেদ, সাদেক, তরিকুল, জাকিরসহ আরো অন্যান্য জেলেরা জানায়, “হুনছি আমাগোরে ৪০ কেজি করি চাইল দিবো কিন্তু, হেতেরা আমাগোরে ২০ কেজি করি চাইল দিছে”।
এছাড়াও কালাম পাটওয়ারীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে চরের বন উজার করে গাছ বিক্রি করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে।
এ সময় ঢালচরের চেয়াম্যান আবুল কালাম পাটওয়ারীর মতামত জানতে চাইলে, তিনি বিষয়টি এড়িয়ে যান।
ট্যাগ অফিসার সৈয়দ নুরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিজন জেলেকে ২ বালতি করে চাউল দেয়া হয়েছে।
ঢালচর ইউনিয়ের আ’লীগের সভাপতি আবদুস সালাম হাওলাদার জানান, আমি বরিশালে রয়েছি, এ ব্যপারে আমার কিছুই জানা নেই।
ঢালচর ইউপি সদস্য মোঃ সেলিম ও মোঃ এলাহী সহ একাধিক ইউপি সদস্যরা জানান, জেলেদের মাঝে ৪০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও আমাদের চেয়াম্যানের নির্দেশে ২০/২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। চেয়ারম্যান প্রভাবশালী বিধায় আমরা কেউ কিছু বলতে পারছিনা।
ঢালচরের হত দরিদ্র জেলেরা চেয়াম্যনের কবল থেকে মুক্তি পেয়ে সরকারী সকল সুবিধা পাবে এমনটাই প্রত্যাশা করছেন ঢালচরবাসী।
এমকে





