কুড়িগ্রামে অভিনব উপায়ে গাঁজা পাচারকালে দম্পতি পরিচয়দানকারী এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম শহরের ধরলা সেতু এলাকা থেকে দম্পতি পরিচয়দানকারী কুলসুম বেগম ও জালাল মন্ডল নামে দুই চোরাকারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ সময় বিশেষ কায়দায় মোটরসাইকেলের সিটের নিচে লুকিয়ে রাখা ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বালাডোবা গ্রামের জালাল মন্ডল (৩৮) এবং ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের আজোয়াটারী গ্রামের কুলসুম বেগম (৩০) ভারত থেকে আনা ৬ কেজি গাঁজা মোটরসাইকেলের সিটের নিচে লুকিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে রংপুর নিয়ে যাচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল শহরের পাশের ধরলা সেতু পূর্ব পাড়ের মাধবরাম সবুজপাড়া এলাকায় গাঁজা ও মোটরসাইকেলসহ তাদের আটক করে।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা হয়েছে।

জেআই