বিলবোর্ড, ফেস্টুন সরানোকে কেন্দ্র করে লালমনিরহাট সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছে দলটির নেতাকর্মীরা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে পুলিশ।

আজ (২৯ জানুয়ারি) মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বড়বাড়ি বাজারে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার বড়বাড়ি ইউনিয়নের প্রাণকেন্দ্র শিমুলতলা মোড়ে একাদশ
সংসদ নির্বাচনের মহাজোটপ্রার্থী জিএম কাদেরের একটি বিলবোর্ড ছিল। সোমবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বিলবোর্ডটি সরিয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর ছবি সাঁটানো হয়। আজ (মঙ্গলবার) দুপুরে এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড়বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা হামলা করে টিভি ও কয়েকটি চেয়ার ভাঙচুর করে বলে আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযোগ।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রায়হান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জিজ্ঞসাবাদের জন্য সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নুরনবী/এমবি