জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসবে আগামী ২২ মার্চ সকাল ১১টায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে অধিবেশন বসবে।
মঙ্গলবার (০৩ মার্চ) রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই অধিবেশন আহ্বান করেন।
এটি হবে চলতি একাদশ সংসদের ৭ম এবং ২০২০ সালের দ্বিতীয় অধিবেশন।
বিশেষ অধিবেশনটি ২৩ মার্চ শেষ হতে পারে। এই অধিবেশনের দুই কার্যদিবসে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতা এবং সংসদের স্পিকারদের আমন্ত্রণ জানানো হয়েছে।
গত ১৮ ফেব্রুয়ারি সংসদের ৬ষ্ঠ ও চলতি বছরের প্রথম অধিবেশন শেষ হয়। গত ০৯ জানুয়ারি অধিবেশনটি শুরুর দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।
এমবি





