গাজীপুর জেলায় প্রচন্ড ঝড়ে দুইজন নিহত ও অন্তত ১০জন আহত হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে শিলা বৃষ্টি হয়েছে। ঝড়ের পর থেকে গাজীপুরে শহর ও আশপাশ এলাকায় বিদুৎবিহীন অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বয়ে যাওয়া ঝড়ে গাজীপুর মহানগরীর ভোগড়া, বাসনসড়ক, মালেকেরবাড়ি, জাঝর, ইশ্বড্ডাসহ বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, গাছপালা, দোকানপাট, বিদ্যুতের খুঁটি ও ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

নিহত এক জনের পরিচয় পাওয়া গেছে তার নাম সিরাজুল ইসলাম (৩০)। বাড়ি চট্টগ্রামে। তিনি পেশায় ভেকু চালক। গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় ভাড়া থাকতেন। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুুমানিক (৩৫)।

বিকাল পৌনে ৬টার দিকে গাজীপুরের ওপর দিয়ে প্রচন্ড গতিতে ঝড় বয়ে যায়। এ সময় শিলাবৃষ্টি হয়ও। ঝড়ে নাওজোর এলাকায় একটি বাড়ির দেয়াল ভেঙ্গে ঘটনাস্থলেই ভেকু চালক সিরাজুলের মৃত্যু হয়। অপর এক অজ্ঞাত ব্যাক্তি বাসন সড়ক এলাকার একটি নির্মাণাধীন ছয় তলা ভবনের ওপর থেকে পড়ে মারা যান।

ভেকু চালক সিরাজুলের সহকারি ঝড়ে আহত রাজন জানান, বিকেলে ঝড় শুরু হলে ভাড়া বাসার ইটের ঘর ভেঙ্গে পড়লে সিরাজুল ইসলাম আহত হন। হাসপাতালে আনার পথে তিনি মারা যান। ঝড়ে গাছের ডাল, টিন ও দেয়ালধ্বসে অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের গাজীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে এরা হচ্ছেন, রাজন (২৫), খায়রুল (৩০), বাসন সড়কের আলেকের বাড়ির ভাড়াটিয়া মাহবুবুর (৭)।

ঝড়ে ওইসব এলাকার বাড়ি ঘরের চাল উড়ে যায়, আধাপাকা ও কাঁচাবাড়ি ঘর ভেঙ্গে পড়ে। এছাড়া ওইসব এলাকার আম, কাঁঠাল, ধান ও উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

এএইচ