মাগুরার শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামে পরিত্যক্ত একটি বসতঘরের দেয়ালচাপা পড়ে সিরাজ শেখ (৬০) ও তার ছোট ভাই নূরুল শেখের স্ত্রী লাভলী বেগমের (৪৫) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দরিবিলা গ্রামের ব্যবসায়ী মোহাদ্দেস হোসেন জানান, সকাল ৯টার দিকে বাড়ির মধ্যে পরিত্যক্ত একটি বসতঘর মেরামতের জন্য শ্রমিকরা কাজ করছিলেন। ওই ঘরের পাশে মাটির উনুনে লাভলী বেগম রান্না করছিলেন। এসময় তার ভাসুর সিরাজ শেখ পাশে বসেছিলেন। হঠাৎ ওই ঘরের একটি দেয়াল তাদের ওপর ধসে পরে। এতে ঘটনাস্থলেই লাভলীর মৃত্যু হয় ও গুরুতর আহত হন সিরাজ শেখ। তাকে দ্রুত উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
কেএইচ





