দেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত ৩৭টি হত্যাকাণ্ডের সঙ্গে একাধিক জঙ্গি সংগঠন জড়িত বলে স্বীকার করেছেন শিল্পমন্ত্রী ও আইনশৃংখলা রক্ষা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আমির হোসেন আমু।
রোববার সচিবালয়ে আইনশৃংখলা রক্ষা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আমু বলেন, সাম্প্রতিক সময়ে ৩৭টি হত্যার ঘটনার মধ্যে ২৫টির সঙ্গে সরাসরি জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) জড়িত।
আর আটটির সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিম এবং বাকি চারটির সঙ্গে অন্যান্য জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন জড়িত বলে জানান তিনি।
তবে এসব ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএসের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেন শিল্পমন্ত্রী।
তিনি জানান, ওই সব ঘটনায় ইতিমধ্যে চারটির অভিযোগপত্র দেয়া হয়েছে আর দুটি বিচারাধীন। সবক’টি মামলার বিষয়েই আইনশৃংখলা বাহিনী ‘অত্যন্ত তৎপর’আছে।
ধর্ম অবমাননার অভিযোগে নারায়ণগঞ্জের একটি স্কুলের প্রধান শিক্ষককে কানে ধরে উঠবস করানোর ঘটনার বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ম নিয়ে কটাক্ষের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
জঙ্গি হামলা বাড়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। গ্রেপ্তারও হচ্ছে।’
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার বিষয়ে আমু বলেন, প্রথম ময়নাতদন্তে ‘কিছুটা ভুল’থাকায় দীর্ঘসূত্রতা হয়েছিল। কিন্তু দ্বিতীয়বার ডিএনএ পরীক্ষায় ধর্ষণ এবং তিনজনের জড়িত থাকার আলামত পাওয়া গেছে।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবুল কালাম আজাদ, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক প্রমুখ।
ওএফ





