শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তাকে মারধর ও মালামাল ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন(র্যাব-১)।
গ্রেফতাররা হলেন- ছিনতাই চক্র শ্যামল বাহিনীর প্রধান বদরুল আলম ওরফে শ্যামল এবং তার দুই সহযোগী পাপন ও প্রিন্স।
র্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি জানান, গ্রেফতাররা ১০ আগস্ট বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় কাস্টমস কর্তৃপক্ষকে মারধর করে কোটি টাকার মালামাল ছিনতাই করে নেয়। এরপর থেকে তাদের গ্রেফতারে অভিযানে নামে র্যাব। পরে মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শ্যামল বাহিনীর প্রধান বদরুল আলম ওরফে শ্যামলসহ তার দুই সহযোগী পাপন ও প্রিন্সকে গ্রেফতার করা হয়।
কাস্টসম সূত্র জানায়, ১০ আগস্ট বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় যুবলীগ নেতা বদরুল আলম শ্যামলের নেতৃত্বে অর্ধশতাধিক যুবক কাস্টমসের একজন সহকারী কমিশনারসহ তিন কর্মকর্তাকে মারধর করেন। এ সময় তারা কোটি টাকার মালামাল ছিনিয়ে নেয়। পরে ওই ঘটনায যুবলীগ নেতা বদরুল আলম শ্যামলকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখ এবং ৩০-৩৫ জনকে অজ্ঞাত আসামি করে বিমানবন্দর থানায় মামলা করে কাস্টমস কর্তৃপক্ষ। এ মামলায় ২৩ আগস্ট জসিম উদ্দিন তফাদার নামে একজনকে গ্রেফতার করা হয়।
এএইচ





