চার ইউপিডিএফ সমর্থককে অপহরণের অভিযোগে মঙ্গলবার সকাল থেকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করছেন বিক্ষুদ্ধ এলাকাবাসী। এ সময় তারা রাস্তায় গাছ ফেলে আগুন ধরিয়ে দেন। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পানছড়ি-খাগড়াছড়ি সড়কের পেরাছড়া, গিরিফুল ও শিব মন্দির এলাকায় স্থানীয়রা সড়কে গাছ ফেলে আগুন দিয়ে রাস্তা অবরোধ করেছেন। এ সমস্যা সমাধানে খাগড়াছড়ি জেলা প্রশাসক জরুরি বৈঠক ডেকেছেন।
সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো জানান, সড়কে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হবে। তবে অপহরণের বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) খাগড়াছড়ি জেলা শাখা।
স্বনির্ভর বাজার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কার্যালয় সামনে থেকে বের হয়ে নারাঙহিয়া উপজেলা প্রদক্ষিণ করে স্বনির্ভরে প্রতিবাদ সমাবেশ শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, পিসিপি খাগড়াছড়ি শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা ও ডিওয়াইএফ-এর জেলা শাখার সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা প্রমুখ।
ইউপিডিএফ’র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে গড়ে উঠা একটি চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ চার গ্রামবাসীকে অপহরণসহ প্রতিদিন জেলার কোথাও না কোথাও ত্রাসের রাজত্ব কায়েম করলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম কাউছার হোসেন জানান, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং আসন্ন ঈদুল আজহাসহ জরুরি বিষয়গুলো নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি সভা ডাকা হয়েছে।





