বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনের গ্যালারি হলে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কবির মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন।
মোনাজাতে ১৫ আগস্টের কালরাতে শাহাদৎবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্য, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ও ১৯৫২ সালের ভাষা আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ অন্যান্য দেশ প্রেমিকের আত্মার শান্তি কামনা করা হয়।
এছাড়া দেশের শান্তি ও সমৃদ্ধি, জনগণের কল্যাণ এবং বিশ্বের মুসলিম উম্মাহ্’র বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
করোনা ভাইরাসে আক্রান্তদের আশু আরোগ্য এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে বিশ্বের সবাইকে নিরাপদ রাখতে মহান আল্লাহ’র রহমত কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিলে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব এবং বঙ্গভবনের পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা যোগ দেন। তথ্য সূত্র- বার্তা সংস্থা বাসস
এমবি





