সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ঈদুল আযহার দিন এক শিশু অপহরকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অভিযুক্ত অপহরণকারীর নাম শফিকুল ইসলাম (৩২)। সে জেলার পার্শ্ববর্তী বিশ্বম্ভপুর উপজেলার সলুকাবাদ গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

তাহিরপুর উপজেলার বড়দল উওর ইউনিয়নের বড়গোপ টিলা থেকে মঙ্গলবার দুপুরে তিন বছরের এক শিশুকে নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে নিয়ে যাওয়ার পথে শিশুর চিৎকার শুনে স্থানীয় জনতা ওই অপহরণকারীকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।

এলাকাবাসীরা জানান, উপজেলার বড়গোপ টিলার আবু তাহের গ্রামবাসীকে সঙ্গে নিয়ে কোরবানির গোশত বিতরণ কাজে ব্যস্ত থাকার সময় বাড়ির পার্শ্ববতী কাঁটাতাঁরের বেড়া সংলগ্ন এলাকা থেকে তার তিন বছরের শিশু পুত্রকে কোলে করে নিয়ে যায় অপহরণকারীরা।

এদিকে অপহরণের অভিযোগে আটক শফিকুলের দাবি, তিনি শিশু অপহরণকারী নন। বরং শিশুটি কাঁটাতারের বেড়ায় আটকে গেলে সে উদ্ধার করে শিশুটিকে বাড়িতে পৌঁছে দেয়ার জন্যই কোলে তুলে নিয়েছিল।

প্রাথমিকভাবে পুলিশের জিজ্ঞাসাবাদে শফিকুল জানায়, সে তাহিরপুরের বড়ছড়া শুল্ক স্টেশনে গত এক যুগ ধরে চুনাপাথর পরিবহন শ্রমিক হিসাবে কাজ করে।

কিন্তু তার এ দাবির পক্ষে কোন প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেমসহ এলাকাবাসীর প্রশ্ন-যদি শিশুটিকে বাড়িতে পৌঁছে দেযার ইচ্ছে ছিল তবে কেন শফিকুল একজন অরিচিতি লোক হয়ে ওই শিশুকে কোলে তুলে নিয়ে জঙ্গলের দিকে দৌঁড়ে পালিয়ে যাচ্ছিল?

মঙ্গলবার তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. হানিফ বলেন, পুলিশী হেফাজতে শফিকুলকে জিজ্ঞাসাবাদ করার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এম এ