যৌন নিপীড়নের প্রতিবাদকারী ছাত্র-ছাত্রীদের উপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করার দাবি জানিয়ে সাংসদ শিরিন আখতার বলেন, যে পুলিশ পেট্রোল বোমা হামলা থেকে মানুষকে বাঁচাতে কাজ করেছে, তাদের মধ্যে এরা কারা? যারা নারীদের লাঞ্ছিত করছে, এদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার বিকালে ছাত্র ইউনিয়নের কর্মসূচীতে পুলিশের হামলার প্রতিবাদে সামাজিক প্রতিরোধ কমিটির এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শিরিন আখতার বলেন, শেখ হাসিনা সরকারের পুলিশ এসব করতে পারে না, এসব করতে দেয়া যায় না। আর এর বিচারের জন্য তদন্তের অপেক্ষা রাখে না, কারণ ছবিতে সব স্পষ্ট বুঝা যাচ্ছে।

জাসদের স্থায়ী কমিটির এ সদস্য বলেন, রাষ্ট্র ও প্রশাসনকে নারীর পাশে দাঁড়াতে হবে।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফৌজিয়া মোসলেম বলেন, পয়লা বৈশাখে আমি ধর্ষণের শিকার হয়েছিলাম, তার কোন বিচার হয়নি। বিচারের দাবি চাইতে গিয়ে আবার আমি ধর্ষণের শিকার হলাম। একি নারীর প্রতি রাষ্ট্রের সম্মান?

তিনি বলেন, পয়লা বৈশাখের ঘটনায় আমরা পুলিশের আইজির সাথে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাদের সাথে দেখা করেন নি। তাহলে কি তিনি জানতেন যে, পুলিশ নারীর উপর আরো বড় আঘাত নিয়ে আসছে?

তিনি আরো বলেন, এ সরকার নারীর উন্নয়নের কথা বলছে। কিন্তু এ পুলিশ দিয়ে কিভাবে নারীর উন্নয়ন হবে? আর যে নারী প্রতিনিধিরা সংসদে আছেন, তাদের মনে রাখতে হবে যে তারা আমাদের প্রতিনিধি। আপনারা আমাদেরিউপর যে নিযাতন হচ্ছে তার প্রতিবাদ করুন।

জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম, সচেতন, নারীপক্ষ, একশন এইডসহ বিভিন্ন সংগঠন এ মানববন্ধনে অংশ নেয়।

এমএ/এসএইচ