পড়ালেখা নিয়ে বকাঝকা করায় মায়ের ওপর অভিমান করে স্যাভলন পানে রিপা আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী মৃত্যু হয়েছে।

সোমবার রাতে রাজধানীর নিউমার্কেটের এলিফ্যান্টরোডের ৩২৪ মেডিক্যাল স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। নিহত রিপা নীলক্ষেত হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।

রিপার পিতার নাম বিল্লাল হোসেন ও মায়ের নাম পারভীন আক্তার। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়ায়।

নিউমার্কেট থানার উপ পরিদর্শক (এসআই) রিপন কুমার সাহা জানান, সোমবার সন্ধ্যার দিকে পড়াশোনার জন্য রিপাকে তার মা পারভীন আক্তার বকাঝকা করেন।

এতে অভিমান করে রিপা স্যাভলন পান করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই রিপন কুমার সাহা।

এআর