কক্সবাজারের মহেশখালীতে এক যুবলীগ নেতার দুই পায়ের রগ কেটে দুচোখ উপড়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মাহাড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. নুরুল আবছার (৩২) ওই ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এবং ফকিরাকাটা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
আবছারের বাবা মোহাম্মদ হোসেন জানান, পূর্ব বিরোধের জের ধরে বড় মহেশখালীর ইউপি চেয়ারম্যান শরীফ বাদশার ছেলে আব্দুল্লাহ আল নিশানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত এ হামলা চালিয়ে আবছারের দুই পায়ের রগ কেটে তার দুচোখ উপড়ে নিয়েছে।
আবছারকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মহেশখালী সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলাকারীদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলছে।
কেএইচ





