ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে নিহত আকতারুল ইসলামের(৩১) হত্যাকারীদের বিচারের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করা হয়েছে।

রোববার দুপরে পঞ্চগড় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালন করে চাকলাহাট ইউনিয়নের বিক্ষুব্ধ এলাকাবাসী।

মানববন্ধনে ওই ইউনিয়নের চেয়ারম্যান আবু দাউদ প্রধানসহ সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।

মানবন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চাকলা ইউনিয়নের চেয়ারম্যান আবু দাউদ প্রধান, নিহত আকতারুলের স্ত্রী জাহানারা বেগম, প্রতিবেশী আজিজুল হক ও আব্বাস আলী মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে নিহত আকতারুলের ৬ বছরের শিশুপুত্র জহিদ উপস্থিত ছিল। 

বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে আকতারুল হত্যাকারী বিএসএফ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। তারা নিহত আকতারুলের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি দাবী জানান।

উল্লেখ্য, গত ২১ শে আগষ্ট বৃহস্পতিবার ভোরে আকতারুল ইসলাম ভারতীয় সীমান্তের কাছাকাছি মাছ ধরতে গেলে ভারতীয় সাকাতিপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

পরের দিন শুক্রবার দুপুরে একটি লাল গাড়ি তার লাশ যমুনা নদীর ভারতীয় অংশে ফেলে রেখে চলে যায়। পরে পুলিশ ও বিজিবি তার লাশ উদ্ধার করে।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ