নোয়াখালী সদরের মডার্ন হাসপাতালে যথাযথ চিকিৎসা না পেয়ে নুর নবী (৩৭) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রোগীর বিক্ষুব্ধ স্বজনরা নোয়াখালী পৌরসভার মাইজদী মডার্ন হাসপাতালে ভাঙচুর চালায়।
রোববার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে সুধারাম থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে মাইজদী বাজার সংলগ্ন কানুগাজী পাড়ার মৃত শহীদ উল্যার ছেলে ব্যবসায়ী নুর নবী হৃদরোগে আক্রান্ত হয়ে মাইজদী মডার্ন হাসপাতালে ভর্তি হন।
এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত এক চিকিৎসক নুর নবীকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর নোয়াখালী টিবি হাসপাতালের চিকিৎসক মো. সাফায়েত হোসেন পুনরায় রোগীকে দেখে ব্যবস্থাপত্র লিখে দিয়ে চলে যান।
মৃতের আত্মীয় সুজন অভিযোগ করেন, রোগীকে ভর্তি করানোর দীর্ঘ সময় পরও হাসপাতাল কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি।
দুপুর ১টার দিকে রোগীর শারীরিক অবস্থা ও হার্টের ব্যথা বাড়লে কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু কোনো হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আনতে ব্যর্থ হলে বিকেল ৩টার দিকে নুর নবী মারা যান।
এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে মৃতের স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালে ভাঙচুর চালায়।
তবে চিকিৎসা না পাওয়ার অভিযোগ অস্বীকার করে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা শাহাজাহান জানান, ভাঙচুরের ঘটনায় হাসপাতালের ২০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসএম





