রাস্তা পার হওয়ার সময় দিনাজপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রীতিলতা রায় (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে।
সোমবার দুপুর পৌনে ২টায়শহরের বালুবাড়ী সড়কে সরকারি মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীসহ স্থানীয়রা ছাত্রী হত্যার বিচারের দাবিতে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে।
নিহত প্রীতিলতা জেলার চিরিরবন্দর উপজেলার নানিয়াটিকর গ্রামের ধীরেন্দ্রনাথ রায়ের মেয়ে। তিনি দিনাজপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন।
দিনাজপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক রকিবুল হাসান জানান, প্রীতিলতা কলেজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে মুখে ও মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত জানান, দুর্ঘটনা পর চালক অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।
কেএইচদি





