হেমায়েতপুর থেকে অপহৃত হওয়া মো. শাহাদাতকে মিরপুরের দারুসসালাম থানা এলাকা থেকে উদ্ধারসহ তিনজন অপহরণকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন(র‌্যাব)।

রোববার রাতে তাদের আটক করে র‌্যাব-৪ এর একটি দল। র‌্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম এ তথ্যটি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, মো. হানিফ, মো. নাসির ও মো. ওভি।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল দারুসসালাম এলাকায় অভিযান চালিয়ে ওই অপহৃতকে উদ্ধার করে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা অপহরণের পর বিকাশের মাধ্যমে মুক্তিপনের টাকা নেয় বলেও অভিযোগ রয়েছে। এ ব্যাপারে সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীতে র‌্যাব-৪ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর সাভারের হেমায়েতপুর থেকে শাহাদাতকে অপহরন করা হয়।

এমআর/এআই