পাবনার বেড়া উপজেলার কৈটোলা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় দু’টি বাড়ি ভাঙচুর করা হয়।
মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আব্দুল মতিন (৩০), আসাদুল ইসলাম (২৩), জোনাব আলী (৪০) ও সাহেব আলীকে (৩৫) বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, উপজেলার কৈটোলা গ্রামে জমি নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সামা মোল্লা গ্রুপের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা মোশাররফ হোসেনের সমর্থকদের কিছুদিন ধরে বিরোধ চলছিল।
এরই জেরে দুপুরে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংঘর্ষ চলাকালে মতিন ও আসাদুল নামের দুজনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
বেড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মশিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কতজন আহত হয়েছেন তা বলতে পারেননি তিনি। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
কেএইচ





