সাতক্ষীরা জেলার আশাশুনিতে পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রী মঞ্জুয়ারা খাতুন (২৩) নামে দুই সন্তানের এক জননীকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী মফিজুল গাজী।

শুক্রবার রাতে উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মঞ্জুয়ারা খাতুনের চাচা জাহিদুল ইসলাম জানান, পাঁচ বছর আগে মফিজুল ইসলামের সাথে মঞ্জুয়ারা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সংসারে অভাব-অনটন লেগেই থাকত, তারপরও মফিজুল জুয়া খেলত। এতে তাদের সংসারে অশান্তি দেখা দেয়। এ ঘটনায় স্থানীয় মেম্বরের উপস্থিতিতে কয়েকবার শালিসও হয়েছে।

সম্প্রতি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় কাজ করতে গিয়ে এক মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে মফিজুল। এতে সংসারের অশান্তি আরো বেড়ে যায়।

পরকীয়ার কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকত। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে মফিজুল তার স্ত্রী মঞ্জুয়ারা খাতুনকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মঞ্জুয়ারা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার দেয় মফিজুল।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী আসাদুজ্জামান জানান, মঞ্জুয়ারা খাতুনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এআই