করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৯ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ২৫৪ জন।
দেশে একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২১২ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৩৬ হাজার ৬৮৪ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৪৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৮৯৫ জন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মৃত ৩৯ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব ১০জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ২৪ জন রয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে তিনজন, বরিশালে দুজন, সিলেটে দুজন এবং রংপুর বিভাগে পাঁচজন রয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৬০২টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৫ হাজার ৯৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৫ লাখ ৭২ হাজার ৯৫২টি।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১৩ দশমিক শূন্য ৮৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮১ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।
এমবি





