গত ২৪ ঘণ্টায় সারাদেশে শীতজনিত বিভিন্ন রোগে ৫ হাজার ৪৩২ জন আক্রান্ত হয়েছেন।

শনিবার (০৪ জানুয়ারি) সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্যমতে, ৭৬৮ জন রোগী শ্বাসযন্ত্রের তীব্র সমস্যার কারণে চিকিৎসা নিয়েছেন।

অন্যদিকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১ হাজার ৯০৪ জন এবং জন্ডিস, চোখের সমস্যা, চর্মরোগ ও জ্বরসহ অন্যান্য রোগের চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৭৬০ জন।

গত ১ নভেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত শীতজনিত রোগের কারণে দেশজুড়ে ৫১ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, দেশে আজও বরিশাল, চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল রোববার থেকে বৃষ্টির প্রবণতা কমে যাবে। শনিবার (০৪ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ আব্দুল মান্নান এই তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়। শুক্রবার তা অব্যাহত থাকে। রাজধানীতে সকালে বৃষ্টি হলেও দুপুরে তা কমে যায়। পরে বিকেল থেকে হালকা বৃষ্টি শুরু হয়। রাতেও বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে। এ সময়ে রাজধানীতে ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃষ্টি আগামী ৫ জানুযায়ি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর রংপুর বিভাগসহ দেশের বেশ কিছু অঞ্চলে ফের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এমবি