বুথ খুঁজে না পাওয়ার বিড়ম্বনা দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত ভোট দিতে পেরেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম।
শনিবার (০১ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় ১ নম্বর ওয়ার্ড আওতাধীন নওয়াব হাবীবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন আতিকুল ইসলাম। এসময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী শায়লা সাগুফতা ইসলাম এবং মেয়ে বুশরা ইসলাম।
ভোট দেয়ার পর আতিকুল ইসলাম বিজয় চিহ্ন দেখান। এসময় তার পাশে ছিলেন কর্মী-সমর্থকরা। ভোটপ্রদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন উত্তর সিটিতে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।
এ সময় তিনি বলেন, ‘আমার ইচ্ছা ছিল এই কেন্দ্রের প্রথম ভোটটি আমি দিব এবং পেরেছি প্রথম ভোটটি দিতে। আশা করি জনগণ আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিবেন ইনশাআল্লাহ। জনগণ নৌকায় ভোট দিলে সবাইকে সঙ্গে নিয়ে সাধ্যমত সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলব।’
প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আতিকুলের প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আওয়াল ভোট দিয়েছেন গুলশান কেন্দ্রে।
এএস





