দীর্ঘ পাঁচ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেললাইনে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে রেললাইন ক্লিয়ার হয়।
বুধবার বিকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী ৮০৪ আপ কন্টেইনার ট্রেনটি কমলাপুর থেকে ঘোড়াশাল স্টেশন অতিক্রম করার পর বড়িবাড়ী নামক স্থানে পৌঁছলে হঠাৎ ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর কমলাপুর থেকে আসা উদ্ধারকারী ট্রেন দুই ঘণ্টা চেষ্টার পর লাইন ক্লিয়ার করে।
লাইচ্যুত বগির চাকার তীব্র ঘর্ষণে স্লিপার উপড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় রেল লাইনের বিশাল অংশ। এ সময় চাকার ঘর্ষণে লাইনের পাথর ছিটকে পড়তে থাকলে আশেপাশের লোকজনের দৃষ্টি গোচর হয়। লোকজন ট্রেন থামাবার জন্য চিৎকার করতে থাকলে গাড়ির চালক তাৎক্ষণিকভাবে ব্রেক কষে ট্রেনটি থামিয়ে দেয়। এতে ভয়াবহ ক্ষতির হাত থেকে রক্ষা পায় ট্রেনটি।
পরপর দু'দিনের দুর্ঘটনার কারণে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের বিভিন্ন রুটে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





