ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো: আতিকুল ইসলাম বলেছেন, নগরীর বিভিন্নস্থান পরিদর্শনে আমি যখন তখন বের হবো। যেখানে অবৈধ যা কিছু পাব, জব্দ করে নিয়ে যাব। বারবার বলার দিন শেষ। এখন শুধু অ্যাকশন।

রাজধানীর আবর্জনা, অবৈধ বিলবোর্ড, জলজট, বন্ধ ড্রেন, ফুটপাত দখলসহ শতাধিক সমস্যা স্বচক্ষে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আজ (৩০ আগস্ট) রোববার সকালে রাজধানীর উত্তরা ৪ নং সেক্টর, মিরপুর, কচুক্ষেত, মগবাজার, গুলশান ও বনানী এলাকা পরিদর্শন করেন মেয়র আতিকুল ইসলাম।

মেয়র বলেন, আগামী ১লা সেপ্টেম্বর থেকে রাজস্ব আদায়ে চিরুনি অভিযান শুরু হবে। কাউকে এর একদিনও সময় দেওয়া হবে না। এখন সরাসরি অ্যাকশন।পরিদর্শনকালে অবৈধভাবে দখলকৃত ফুটপাতকে দখলমুক্ত করার ঘোষণা দেন। উত্তরা পশ্চিম থানা এলাকায় রাস্তার পাশে ডাম্পিং করে রাখা গাড়ি সরিয়ে নিতে দায়িত্বরত অফিসারকে নির্দেশ দেন তিনি ।

এসময় উপস্থিত ছিলেন- ডিএনসিসির সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোমিনুর রহমান মামুন প্রমুখ।

এমবি