বাড়ীর জায়গায় মাটি কাটাকে কেন্দ্র করে একই গোষ্ঠীর দু’গ্রুপের সংঘর্ষে কুলসুম বেগম (৬০) নামে একজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। মারাত্মক আহত ৮ জনকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুরে মাদারীপুর রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মহিষমারী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার কদমবাড়ী ইউনিয়নের মহিষমারী পশ্চিমপাড়ায় চুন্নু শেখের বাড়ীতে মাটি কাটাকে কেন্দ্র করে একই গোষ্ঠীর রবি শেখের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে আমির শেখ গ্রুপ ও রবি শেখ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় গ্রুপের ২৫ জন আহত হয়। মুমূর্ষু অবস্থায় কুলসুম বেগমকে (৬০) রাজৈর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এছাড়া মারাত্মক আহত মনির শেখ (৪০), রেজাউল শেখ (৪০) মন্নান শেখ (৬০), রুহুল শেখ (৩৫), সোহেল শেখ (৩০), সাহা শেখ (৩০)সহ ৮ জনকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে রাজৈর থানার অফিসার ইন চার্জ (ওসি) আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্যে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

কেএইচ