যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৮ লাখ টাকা’সহ হামজের আলী (৩৫) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে বেনাপোল ছোট-আঁচড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। হামজের আলী বেনাপোলের গোগা ইউনিয়নের বালুন্ডা গ্রামের মৃত দুইখেবর্দইর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল ছোট-আঁচড়া এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল’সহ হামজের আলীকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ৮ লাখ টাকা জব্দ করা হয়।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক জানান, আটক হুন্ডি ব্যবসায়ীর বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
নাছির/এমবি





