সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে ৪৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় সাত দালালকে আটক করা হয়।
সোমবার সকাল ৮টায় কক্সবাজার শহরের নাজিরারটেক, টেকনাফ ও পেকুয়ায় পৃথক অভিযান চালিয়ে এসব যাত্রীকে উদ্ধার এবং দালালদের আটক করা হয়।
কক্সবাজার গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মনজুর আলম জানান, শহরের নাজিরারটেক এলাকায় মালয়েশিয়াগামী ১৫ যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছিল দালাল চক্র। পরে গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এসময় অন্যান্য দালাল পালিয়ে গেলেও দুজনকে আটক করা হয়।
উদ্ধার ব্যক্তিরা নরসিংদী, সিলেট ও হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে টেকনাফ থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, সোমবার সকাল ৮টায় টেকনাফের সাবরাং নাফ নদীর মোহনা দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় ৯ যাত্রীকে উদ্ধার করা হয়। এসময় পাঁচ দালালকে আটক করা হয়।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রকিব জানান, সকাল ৮টায় পেকুয়ার মগনামা ঘাটে অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী ২১ যাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় দালালরা পালিয়ে যায়।
উদ্ধার ব্যক্তিরা নায়ারণগঞ্জ, নরসিংদী, বরিশাল, সিলেট জেলার বাসিন্দা। তাদের অভিভাবকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে জড়িত দালালদের বিরুদ্ধে মামলা করা হবে।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





