গত কয়েকদিনের প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে নেত্রকোনায় সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলাসহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। অতিবৃষ্টির কারণে জেলার সুমেশ্বরী, কংশ ও মগড়া নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে করে হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় জীবন কাটাচ্ছে। বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার অর্ধেকের বেশি মানুষের জনজীবন।

মঙ্গলবার দুপুর পর্যন্ত দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার ১৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্গাপুরের ২০০ গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বাড়ি ঘরে বন্যার পানি ঢুকেছে।

এদিকে দুর্গাপুর পৌর এলাকার বাড়িঘরেও বন্যার পানি ঢুকে পড়েছে। বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা দুর্গত এলাকার লোকদের উদ্ধারের জন্য কাজ করছেন বলে জানা গেছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন তারা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে ভারি বৃষ্টির কারণে সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলাসহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অতিবৃষ্টির কারণে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এমএইচ