রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট ও চারপাশে মূল নকশার বাইরে বিদ্যমান সব ধরনের অবৈধ স্থাপনা এবং দোকান অপসারণে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। অভিযানের প্রতিবাদে মানববন্ধনে নেমেছে মার্কেটের ব্যবসায়ীদের একটি অংশ।

অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান এবং ইরফান আহমেদ।

ইরফান আহমেদ বলেন, “এই মার্কেটে ৬৮৯টি অবৈধ দোকান রয়েছে। এসব দোকান মার্কেটের সিঁড়ি, হাঁটা-চলার পথ, লিফট এবং টয়লেটের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে।”

এদিকে, বেলা ১১টা থেকে মানববন্ধন শুরু করে মার্কেটটির ব্যবসায়ীদের একটি অংশ। তাদের দাবি, এসব দোকান বৈধ করতে করপোরেশনে কয়েক কোটি টাকা জমা দিয়েছেন তারা। সেই টাকার রসিদ এবং ট্রেড লাইসেন্স তাদের কাছে রয়েছে।

এছাড়া এসব দোকান নিয়ে উচ্চ আদালতে অনেকগুলো মামলা চলমান। কিন্তু কোনো কিছু বিচার-বিশ্লেষণ না করেই এই অভিযান চালাচ্ছে ডিএসসিসি।

এমবি