গাইবান্ধায় নির্বাচনী সহিংসতায় কৃষি ব্যাংক অফিস সহকারী লেবু মন্ডল নামে আরো একজন নিহত হয়েছেন। এর আগে চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শনিবার সহিংসতায় অন্তত ছয়জন নিহত হয়। নিহতদের মধ্যে পাঁচজনই আওয়ামী লীগের কর্মী।
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৬ নং ধাপেরহাট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম নওশা ও তার কর্মী-সমর্থকরা আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে কৃষি ব্যাংক অফিস সহকারী লেবু মন্ডল (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শনিবার দিনগত রাত ৯টার দিকে সংঘর্ষে আহত হওয়ার পর রাত পৌনে ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
লেবু মন্ডল রংপুরের পীরগঞ্জ উপজেলার জামদানী গ্রামের মৃত আব্দুল কাদের মন্ডলের ছেলে। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট শাখার অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, রাতে রংপুর-ঢাকা মহাসড়কের সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বন্দরের ফাইভ স্টার মোড় এলাকায় ওই সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।
তারা আরো জানান, আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম নওশা ফলাফল ঘোষণায় ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ আশঙ্কায় কর্মী-সমর্থক নিয়ে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট বন্দরের ফাইভ স্টার মোড়ে অবস্থান নিয়ে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে সাদুল্যাপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) আবু রায়হান দোলনের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন।
কিন্তু অবরোধকারীরা বিক্ষোভ করে পুলিশের দু’টি গাড়ি ভাঙচুর করে এবং তাদের ওপর হামলা চালায়। এতে ইউএনও ছাড়াও বিজিবি, পুলিশ ও আনসারের ৬ সদস্য আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি পাল্টা টিয়ারশেল ছুড়লে মহাসড়কের ওপর আহত অবস্থায় লেবু মন্ডলকে পড়ে থাকতে দেখা যায়। প্রথমে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, কী কারণে লেবু মন্ডলের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আরো জানান, আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল জাফরের অবস্থা আশঙ্কাজনক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এমআর





