পটুয়াখালীতে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার আরোহী এবং চালকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
এদের মধ্যে আটজনকে মুমূর্ষু অবস্থা বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের হেতালিয়া বাধঘাট এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় স্থানীয় বিক্ষুদ্ধ জনতা প্রায় ঘণ্টাব্যাপী গাছের গোড়া ফেলে মহাসড়ক অবরোধ করে রাখে। পরে র্যাব-পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয়রা জানান, পটুয়াখালী থেকে একটি যাত্রীবাহী বাস কলাপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় বাসটি হেতালিয়া বাধঘাট অতিক্রমকালে যাত্রীবোঝাই একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোটি দুমড়ে মুচড়ে যায় এবং অটোতে থাকা সাত বছরের শিশু শ্রেয়াণ দাস, তার মা রুপালী দাস, বেলাল (২৫), অটোচালক কাজল এবং পথচারীসহ ১২ জন গুরুতর আহত হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আটজনকে বরিশাল পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত শিশু ও তার মা, বেলাল ও চালক কাজলের অবস্থা আশঙ্কাজনক।
কেএইচ





