করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় দায়িত্ব পালনকালে ৩৭ পুলিশ সদস্যের মৃত্যু হলো।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম কনস্টেবল তৌহিদুল ইসলাম। তিনি ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে কর্মরত ছিলেন।

রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মারা যান তিনি।

তৌহিদুল ইসলাম স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার বুজরুক সন্তোষপুরে গ্রামে।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনোয়ার হাসানাত খান বলেন, করোনা আক্রান্ত কনস্টেবল তৌহিদুল ইসলাম গতকালই রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন। তিনি ডায়াবেটিসসহ অন্যান্য রোগেও আক্রান্ত ছিলেন। রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাতেই তার মরদেহ গ্রামের বাড়ি রংপুরের উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা নেয়া হয়।

এমবি