চট্টগ্রামে চলছে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ। শনিবার দুপুর ১টার দিকে শহরের কাজীর দেউড়িতে কোরআন তেলাওয়াত পাঠের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও ঐক্যফ্রন্টের চট্টগ্রামের সমন্বয়কারী ডা. শাহাদাত হোসেন। সমাবেশে বিএনপি ও জোটের শীর্ষ নেতারা বক্তৃতা করবেন।
ইতোমধ্যে মঞ্চে আসন গ্রহণ করেছেন ঐক্যফ্রন্টের নেতারা। মঞ্চে আছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, কল্যাণপার্টির চেয়ারম্যান লে. জেনারেল (অব.) মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক , প্রচার সম্পাদক ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল প্রমুখ।
শনিবার সকাল থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। সমাবেশে আসতে নেতা-কর্মীদের বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
ইতোমধ্যে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সমাবেশের জন্য বন্ধ করে দেয়া হয়েছে কাজির দেউড়ি-নিউমার্কেট সড়কে সব ধরনের যান চলাচল। এএস





