বরিশাল-ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ থেকে ভুরঘাটা ৪৯ কিলোমিটার রাস্তার বেশির ভাগই খানাখন্দে ভরা। কিছুদিন আগে এ সড়কের কিছু অংশ মেরামত করা হয়। বর্ষায় আগের চেয়ে আরও খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে।
পথচারী ও বাসচালকরা রাস্তার অবস্থা বেহাল বললেও সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. খালিদ শাহেদ জানান, মাত্র চার কিলোমিটার সড়কের অবস্থা একটু খারাপ। তাও যোগাযোগমন্ত্রীর বেঁধে দেওয়া সময় ২০ তারিখের মধ্যে সম্পন্ন হবে।
বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন জানান, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে ভুরঘাটা পর্যন্ত ৪৯ কি.মি. সড়ক বরিশাল অংশের। এর মধ্যে জয়শ্রী থেকে রহমতপুর বিমানবন্দর পর্যন্ত আট কিলোমিটার সড়কের অবস্থা ভালো।
এ নিয়ে তারা রবিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে সভা করবেন। মহাসড়ক চলাচলের উপযুক্ত না করলে তারা শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ার কথা ভাবছেন, যাতে করে ঈদে ঘরেফেরা যাত্রীদের সমস্যা না হয়।
তিনি আরও জানান, এই রুটে প্রতিদিন ৩০০ পরিবহন সমপরিমাণ ট্রাকসহ অন্য যানবাহন চলাচল করে থাকে। ঈদে এ সংখ্যা যেমন পরিবহন মালিকরা আগে ১০ ট্রিপ চালাত সেখানে গাড়ির সংখ্যা উন্নীত করে তিন থেকে চারগুণ বাড়াবে। এ হিসাবে দুই হাজারের বেশি গাড়ি প্রতিদিন চলাচল করবে। অপরদিকে মহাসড়ক খানাখন্দে ভরা বলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেন তিনি।
বিআরটিসি বাসের চালক আ. রহিম জানান, রাস্তা খারাপ হওয়ার কারণে গাড়ির স্প্রিং-পাতি ভেঙে যায়। অন্য যন্ত্রাংশ নষ্ট হয়। যার ফলে তারা একবার ট্রিপ দেওয়ার পর গাড়ি মেরামত না করলে ফিরতি ট্রিপের জন্য চালাতে পারেন না।
গৌরদীর টর্কি এলাকার ব্যবসায়ী গিয়াসউদ্দিন মিয়া জানান, দিন পনেরো আগে সড়কের খানাখন্দে ইট আর বালু ফেলে মেরামত করেছিল সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু এর দু-তিন দিন পর বৃষ্টি হলে আগের চেয়ে সড়কের অবস্থা আরও খারাপ হয়ে যায়। এক্ষেত্রে তিনি অভিযোগ করেন নিম্নমানের ইট-খোয়া ব্যবহার করায় এ অবস্থা হয়েছে।
কাপের্টিং না করা পর্যন্ত এমন অবস্থার পরিবর্তন হবে না বলে জানান তিনি।
তবে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. খালিদ শাহেদ জানান, দুদিন ধরে তারা মহাসড়কে কাজ করছেন। বর্ষার কারণে সমস্যা হলেও মেরামত কাজ রবিবারের মধ্যে সম্পন্ন করতে পারবেন বলে জানান তিনি।
দীর্ঘ কয়েক বছর ধরে মহাসড়কে কার্পেটিংয়ের কাজ হচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে খালিদ শাহেদ জানান, সড়ক সার্ফেস পিএমপি (সড়ক) ২০১৩-২০১৪-এর অধীনে মে মাসের মাঝামাঝি কার্যাদেশ দিয়েছেন। এতে করে বরিশাল থেকে ভুরঘাটা পর্যন্ত ৩১ কিলোমিটার সড়কে কার্পেটিং করা হবে। কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হলে বরিশাল অংশের মহাসড়কে যানচলাচলে আর সমস্যা হবে না বলে জানান তিনি।
ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





