মাদক, সন্ত্রাস ও দুর্নীতি একইসূত্রে গাঁথা। আর এসব প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বুধবার (২০ নভেম্বর) সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাদক, সন্ত্রাস ও দুর্নীতি একইসূত্রে গাঁথা উল্লেখ করে ইকবাল মাহমুদ বলেন, মাদক প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জরুরি।

দুদক চেয়ারম্যান বলেন, ‘মাদকের গডফাদারদের তালিকা আমাদের হাতে আছে। তালিকায় যাদের নাম আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গডফাদাররা ছাড় পাবে না।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সততা নিয়ে কাজ করতে হবে। লোভ-লালসার ঊর্ধ্বে উঠে মাদক নির্মূলে ভূমিকা রাখতে হবে।

ইকবাল মাহমুদ বলেন, মাদক নির্মূল অভিযানে নেমে দুর্নীতিতে জড়ানো যাবে না। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এরইমধ্যে কিছু অভিযোগের অনুসন্ধান ও তদন্ত চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ সভায় সভাপতিত্ব করেন।

এএস