সাতক্ষীরায় মাথায় পিস্তল ঠেকিয়ে ইউপি চেয়ারম্যানকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার রাত ১০টায় যুবলীগ অফিসে ঢুকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের ইউপি চেয়ারম্যান কে এম মোশাররফ হোসেনকে হত্যা করা হয়।

কালিগঞ্জ থানার ওসি হাসান হাফিজুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, চেয়ারম্যান মোশাররফ হোসেন (৫২) স্থানীয় যুবলীগ অফিসে বসেছিলেন। এ সময় ৫/৬ জন যুবক মোটরসাইকেলে এসেই বাজারে কয়েকটি ককটেল বোমা ফাটায়।

ওসি জানান, এতে আতঙ্কিত হয়ে দোকান পাট বন্ধ হবার সুযোগে সন্ত্রাসীরা যুবলীগ অফিসে ঢুকে চেয়ারম্যানের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। এরপরও তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে দ্রুত পালিয়ে যায়। কালিগঞ্জ হাসপাতালে নেয়ার পর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তৈয়বুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

চেয়ারম্যান মোশাররফ হোসেন কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সম্পাদক ছিলেন। পরে তিনি জেলা জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক হন। তিনি কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান।

হত্যার কারণ এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

জেড