পাবনার সাঁথিয়া উপজেলায় মুকুল হোসেন (৫০) নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মুকুল উপজেলার নন্দনপুর ইউনিয়নের দ্বারামুধা গ্রামের মৃত নওশের আলী প্রামাণিকের ছেলে। তিনি একবার (ইউপি সদস্য) নির্বাচিত হয়েছিলেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, শনিবার রাত ১০টার দিকে তাফসিরুল কোরআন মাহফিল শোনার কথা বলে বাড়ি থেকে বের হন মুকুল হোসেন।

রোববার সকালে বাড়ির অদূরে ব্রিজের নিচে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে সকাল ৯টায় ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, পূর্ব শত্রুতার জের ধরে হত্যার পর লাশ ব্রিজের নিচে ফেলে লাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ খতিয়ে দেখা ও জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

জেএ